কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান “পুরোপুরি সুস্থ” আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উজমা বলেন, তিনি বোন আলিমা খান ও নোরিন খানের সঙ্গে আলাপ করে ইমরানের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন।
জিও নিউজের খবরে বলা হয়, দীর্ঘদিন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের দলীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না। এতে পিটিআই নেতারা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং সাক্ষাৎ নিষিদ্ধের প্রতিবাদে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভের হুমকিও দিয়েছিল।
সরকারি কর্মকর্তাদের দাবি, শুধু ইমরান খান নয়, কারাগারের অন্যান্য বন্দিদের নিরাপত্তার স্বার্থেই সাক্ষাৎ সীমিত করা হয়েছিল। তারা অভিযোগ করেন—আগে যারা ইমরানের সঙ্গে দেখা করেছেন, তারা কারাগারের নিয়ম ভেঙে রাজনৈতিক বিষয়েও আলোচনা করেছিলেন।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং সন্ত্রাসবাদ–সংক্রান্ত বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।