গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে আগুন লেগে দুই শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। হতাহতদের আল-কুয়েতি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উদ্ধারকর্মীরা আল-নাজাত ক্যাম্প থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন। বহু মাস ধরে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি এই ক্যাম্পে আশ্রয় নিয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে আল-মাওয়াসি এলাকার একটি তাঁবুতে। এর কিছুক্ষণ পর আল-কুয়েতি হাসপাতালের কাছাকাছি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, যা ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল একজন হামাস সদস্য। তাদের বক্তব্য, বুধবার রাফাহ এলাকায় সেনাদের ওপর হামলায় পাঁচ ইসরায়েলি আহত হওয়ার পর ওই হামলা চালানো হয়।