জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার সকাল ৯টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে আমীরে জামায়াতের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মেজর (অব.) আক্তারুজ্জামান। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
যোগদান অনুষ্ঠানে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান এবং পরে তাকে আলিঙ্গন করে তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ। স্বাধীনতার পর থেকে তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে তিনি বর্তমানেো সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।