তাপমাত্রা কমায় বাড়ছে শীতজনিত রোগ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ১১–১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওা পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি।

আবহাওয়া অফিস জানায়, সপ্তাহজুড়ে তেঁতুলিয়ার তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা গেছে—বুধবার ১২.২ ডিগ্রি, মঙ্গলবার ১১.৭ ডিগ্রি এবং সোমবার ১৩.৩ ডিগ্রি।

স্থানীয়দের মতে, ভোর থেকে সকাল পর্যন্ত শীত বেশ তীব্র হলেও রোদ উঠলে কিছুটা স্বস্তি মেলে। তবে বিকেল নামলেই ঠান্ডা আবার বেড়ে যায়।

শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

হঠাৎ তাপমাত্রা কমায় জনস্বাস্থ্যে প্রভাব পড়তে শুরু করেছে। জেলা হাসপাতালে সর্দি–কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ—রাতে ও ভোরে উষ্ণ কাপড় ব্যবহার এবং আবহাওার হঠাৎ পরিবর্তনে সতর্ক থাকা।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত এখনো নামছে; সামনে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।


ঢাকায়ও বাড়ছে শীত

রাজধানীতেও তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ১৭.১ ডিগ্রির তুলনায় সামান্য বেশি। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি, বাতাসে আর্দ্রতা ৮১ শতাংশ।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আজ কোনো সতর্কসংকেত নেই।


আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফলে আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী—

  • আজ থেকে বৃহস্পতিবার: রাত–দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
  • শুক্রবার: তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
  • শনিবার–রবিবার: তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই; ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা থাকতে পারে।
  • বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন  মুক্তিযুদ্ধের অঙ্গীকার বনাম বাস্তবতা: নতুন রাজনৈতিক অধ্যায়ের সন্ধিক্ষণে বাংলাদেশ