সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যে কোনো শৈথিল্য বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে মাউশির সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা, এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও, ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে। মাউশি সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষাগুলো সময়মতো ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।