ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বোর্ড জানায়, সার্জিক্যাল হস্তক্ষেপ শেষ হওয়ায় এখন ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট চালু রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মাথায় গুলি লাগার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার সার্বিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
বিবৃতিতে বলা হয়, গুলির আঘাতে হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তার ফুসফুসে আঘাত থাকায় চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হচ্ছে, যা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রয়েছে।
মেডিকেল বোর্ড জানায়, আগে কিডনির কার্যক্ষমতায় সমস্যা দেখা দিলেও বর্তমানে তা ফিরে এসেছে এবং নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স বজায় রেখে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে পূর্বে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলেও তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজনে রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে হাদির রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে বলে জানানো হয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক এবং সাপোর্টিভ স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য মেডিকেল বোর্ড কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, হাদির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মেডিকেল সামারি তার ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে পারেন। একই সঙ্গে হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
মেডিকেল বোর্ড অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে জানিয়েছে, কোনো ধরনের ভিজিটর অনুমোদিত নয়। পাশাপাশি অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়।
সবশেষে মেডিকেল বোর্ড জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে হাদির চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে এবং তার দ্রুত সুস্থতার জন্য আবারও সবার দোয়া কামনা করা হয়েছে।