১৪ ডিসেম্বর বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

অবসর গ্রহণের আগে আগামী ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন।

১৯৮৪ সালে তিনি ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন।

ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ড. সুফিয়া আহমেদের সন্তান। ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার মা ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন।

আরও পড়ুন  যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবেঃ তারেক রহমান