ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশ’–এর ওপর গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে এগোচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি সুসংহত করবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীন, নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচন ও গণভোট সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে
রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের আগামীর পথকে আরও স্থিতিশীল করবে।”
তিনি বলেন, “বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে। সকলের দায়িত্বশীল আচরণ ও অংশগ্রহণই একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের ভিত্তি হয়ে উঠবে।”