খালেদা জিয়ার জীবন আবারো সংকটাপন্ন, দোয়া কামনা

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোববার দিবাগত রাত দুইটার পর থেকেই তিনি লাইফ সাপোর্টের ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তিনি এই তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, “গত রাতেই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। রাত দুইটার পর মেডিক্যাল বোর্ড তাকে ভেন্টিলেশনে নেন।”

এর আগে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম বেগম জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মেডিক্যাল বোর্ড এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট দেয়নি।

লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা হ্রাস এবং অন্যান্য গুরুতর শারীরিক সমস্যার কারণে গত রোববার (২৩ নভেম্বর) সঙ্কটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময় তার অবস্থা আরও খারাপের দিকে যায়।

এদিকে, নেত্রীর জন্য দোয়া ও খোঁজ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে আসছেন। হাসপাতালের বাইরে তারা অবস্থান করছেন শুধু এক নজর প্রিয় নেত্রীকে দেখার এবং তার সুস্থতার খোঁজ পাওয়ার আশায়।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে ও বাইরে উদ্বেগ–উৎকণ্ঠা আরও বেড়েই চলেছে।

আরও পড়ুন  জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জঃইসি সানাউল্লাহ