ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে—তা আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে বিকেল ৩টায়।
বিইআরসির সোমবারের (১ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর ২০২৫–এর সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি খাতের এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আজ ঘোষণা করা হবে।
সর্বশেষ মূল্য সমন্বয় হয়েছিল গত ২ নভেম্বর, যেখানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আজ এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও জানাবে বিইআরসি। গত ২ নভেম্বরের সমন্বয়ে অটোগ্যাসের খুচরা দাম ১ টাকা ১৯ পয়সা কমে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ জুড়ে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ১১ বার সমন্বয় হয়েছে—যার মধ্যে ৭ দফায় বেড়েছে এবং ৪ দফায় কমেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমেছিল। ডিসেম্বর মাসে দাম ছিল স্থিতিশীল।