খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতার কথা জানানো হয়।

গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার সরকারের কাছে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। তখনই কাতার তাদের ইতিবাচক অবস্থানের কথা জানায়। আজ সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিক রূপ পেল।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তিনি খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছেন। সকাল সাড়ে ১২টায় খালেদা জিয়ার স্বাস্থ্য–অবস্থা নিয়ে ব্রিফ করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসে। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে থাকা দলটি স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়ন করেন।

এদিকে, বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে তিনি পরিবার ও দলের নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি–সংক্রান্ত জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন  রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি