মাধ্যমিক শিক্ষকদের সতর্ক করলেন শিক্ষা উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় সরকারি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। সোমবার সন্ধ্যায় বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আন্দোলনের নামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে পদক্ষেপ নিচ্ছেন, তা সরকারি কর্মচারী বিধি স্পষ্টভাবে লঙ্ঘন করে। এর জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। সরকার তার অবস্থান স্পষ্ট ও কঠোরভাবে জানিয়ে দিয়েছে।”

শিক্ষা উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থানে কোথাও পরীক্ষা অনুষ্ঠিত হলেও অনেক বিদ্যালয়ে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে—যা তিনি ‘অত্যন্ত অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “পরীক্ষা নিয়ে কোনো ধরনের আপোসের সুযোগ নেই। পরীক্ষা গ্রহণ করতে হবে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অপ্রয়োজনীয় চাপ না বাড়ে।”

ড. আবরার জানান, সোমবার সন্ধ্যায় তিনি সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। তাদের সবাই জানিয়েছেন—অভিভাবক এবং শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আগ্রহী, তবে কিছু শিক্ষক তা নিচ্ছেন না।

এ অবস্থায় উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “আমি আশা করবো শিক্ষকরা আগামীকালই পরীক্ষায় ফিরবেন। অন্যথায় তারা শাস্তির মুখোমুখি হবেন।”

আরও পড়ুন  আজ থেকে পুনরায় চালু হচ্ছে ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন