দেশের মানুষের ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থাঃ আইআরআই জরিপ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা বেশ দৃঢ়। দেশব্যাপী পরিচালিত এ জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ নাগরিক বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। একইভাবে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এ জরিপের বিষয়ে সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও মন্তব্য করেন, “ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির একটি সম্ভাবনা দেখতে পাচ্ছে। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা ও কাঙ্ক্ষিত সংস্কারের প্রতি ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।”

জরিপে আরও দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও উল্লেখযোগ্য। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা ‘খুবই আগ্রহী’ ভোট দিতে। আর ২৩ শতাংশ বলছেন, তারা ‘কিছুটা আগ্রহী’। পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা দেখায় যে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য রাখা কতটা জরুরি।”

আইআরআই নিয়মিতভাবেই বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে, যাতে নীতিনির্ধারণ, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝা যায়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল, ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতেও কাজ করছে।

আরও পড়ুন  ট্রাভেল পাস চাইলে দেয়া হবে তারেক রহমানকে: পররাষ্ট্র উপদেষ্টা