হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সব ধরনের ব্যাবস্থা নেয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার 

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

গুলিবিদ্ধ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাতে উপস্থিত ছিলেন হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতারা—আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদেশ আজ ওসমান হাদির জন্য দোয়া করছে। তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশের বাইরে যেখানে প্রয়োজন হবে, সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে।’

হাদির বোন মাসুমা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ছোটবেলা থেকেই সে দেশকে মনেপ্রাণে ভালোবাসত। সে বিপ্লবী মানসিকতার মানুষ। বিদ্রোহী কবিতা ছিল তার প্রিয়। তার একটি ১০ মাসের সন্তান রয়েছে। হাদি আমাদের মেরুদণ্ড।’

তিনি আরও বলেন, ‘তার অনেক কাজ বাকি, তাকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার—যেভাবেই হোক জুলাই বিপ্লবীদের রক্ষা করতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।’

দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই বাসায় ফিরে গিয়েছিল, কিন্তু হাদি ফেরেনি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং দিনরাত কাজ করত। যে ব্যক্তি গুলি করেছে, সে আগেও একটি মামলায় গ্রেফতার হয়েছিল—কীভাবে সে জামিন পেয়েছে, তা তদন্ত করা প্রয়োজন।’

জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আরেক নেতা ফাতিমা তাসনিম জুমা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন  এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে আজ 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।