বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন করেননি। তবে আবেদন করা মাত্রই বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, “তারেক রহমান যদি দেশে ফিরতে চান, সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। কোনো ধরনের বাধা থাকবে না।”
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার পরিবার ও রাজনৈতিক দল। তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।”
এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, তারেক রহমান “খুব শিগগিরই” দেশে ফিরবেন। তবে তিনি সময়সীমা বা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
বিএনপি সূত্র বলছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিবারের সিদ্ধান্ত—সবকিছুর ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।