জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ—এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ বক্তব্য দেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালাটি শুরু হয়েছে।
সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমই সবচেয়ে বড় নিয়ামক। তিনি জানান, ভোটাররা ব্যালট পড়ে বুঝে সিল দিতে গেলে প্রতি ভোটারের পেছনে সময় লাগছে প্রায় সাত থেকে আট মিনিট। এটি বাস্তব পরিস্থিতি—চাইলেই ভোটকক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে। এজন্য নির্বাচনী প্রক্রিয়ায় সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। দেশের স্বার্থে ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের সময় ব্যবস্থাপনা এবং চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রোববারের কমিশন সভায় নেওয়া হবে।