যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবেঃ তারেক রহমান

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

দেশে যত ষড়যন্ত্রই হোক, যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এক বা সোয়া এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে নির্বাচন সহজ হবে না এবং ষড়যন্ত্র থেমে নেই। সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ, বিশেষ করে গত কয়েক দিনের ঘটনা এবং চট্টগ্রামে দলের এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা তার সেই বক্তব্যেরই প্রমাণ দিচ্ছে। তিনি বলেন, যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ হওয়া না যায়, তাহলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জনগণ বিএনপির কাছ থেকে ন্যায়ের প্রত্যাশা করে, ভিন্নধর্মী ও দায়িত্বশীল রাজনীতির প্রত্যাশা করে। এটি একদিনে বাস্তবায়নযোগ্য নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, সবাই মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ষড়যন্ত্র রুখতে না পারলে দেশকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন সূত্রের তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ষড়যন্ত্র এখানেই শেষ হবে না, আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এতে ভয় বা আতঙ্কিত না হয়ে জনগণকে সাহস দিতে হবে এবং নিজেদের আরও ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্রকামী মানুষ যত বেশি ঐক্যবদ্ধ হবে এবং যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে—এই পরিবেশ যত শক্ত হবে, ষড়যন্ত্রকারীরা ততটাই পিছু হটতে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে পাঠানো হবে যাতে তারা সাধারণ মানুষের ছোটখাটো রোগ বিষয়ে পরামর্শ দিতে পারেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সব মায়েদের স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে আজ