রেজা কিবরিয়ার বিএনপিতে যোগ দান

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে, অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল রেজা কিবরিয়ার যোগদানের স্বাগত জানান এবং বলেন, “তিনি শুধু তার এলাকায় নয়, সারা দেশে প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রেজা কিবরিয়ার যোগদানকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক পরিস্থিতিও উল্লেখ করেন ফখরুল। তিনি জানান, “চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।”

ফখরুল বলেন, “স্বৈরাচারের আমলে অনেক আত্মত্যাগ ও চড়াই-উতরাই পার হওয়ার পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আলোচনায় জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করেছে, যার মাধ্যমে জনগণ তাদের সংসদ নির্বাচন করবে।”

তিনি আরও যোগ করেন, “আগামী নির্বাচনে জনগণ সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ গড়তে সক্ষম হবে। কারণ, বিএনপির সরকারের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

আরও পড়ুন  আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু