প্লট দুর্নীতির মামলায়- হাসিনা, রেহানা ও টিউলিপের রায় আজ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুদকের মামলার রায় আজ ঘোষণা করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেবেন। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৫ নভেম্বর রায় ঘোষণার এ দিন নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন। প্রথমে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আরও দুইজনকে যুক্ত করে ১০ মার্চ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ এবং পরে যুক্ত হওয়া দুই আসামি—সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এদের মধ্যে কেবল মোহাম্মদ খুরশীদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকার নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ