ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মূল্যায়ন করেন।
ইইউ রাষ্ট্রদূত জানান, আসন্ন নির্বাচনে তারা বড় আকারে পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশাবাদী। তিনি বলেন, “নির্বাচন-সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় সহযোগিতায় ইইউ প্রস্তুত রয়েছে।”
তবে নির্বাচনকে ঘিরে কিছু লজিস্টিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে বলেও মন্তব্য করেন মাইকেল মিলার। তার ভাষায়, “বিশেষ করে নতুন ভোটারদের জন্য নিরাপদ, সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ।”
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির চিত্র উপস্থাপন করেন বলে জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, ইসি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে সিইসি তাদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি ইইউর পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইইউ ইতিবাচকভাবে দেখছে বলেও মন্তব্য করেন মাইকেল মিলার।