চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা গুজবে কান না দেয়ার অনুরোধ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। তিনি আশা প্রকাশ করে বলেন, “সবার দোয়া ও আশীর্বাদে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান ডা. জাহিদ। তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে সিসিইউতে থাকা খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

তিনি আরও জানান, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা তদারকি করছেন। সরকার, প্রধান উপদেষ্টা ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সব পক্ষই প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, “আমার দেওয়া তথ্য ছাড়া অন্য কারো বক্তব্য প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ধৈর্য ধরুন।”

তিনি বলেন, “আল্লাহর রহমত ও সবার দোয়ায় আমরা তাকে হয়তো আবার ফিরে পাবো।”

চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে সব প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই তাকে বিদেশে নেওয়া হবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো